পিরোজপুরের হুলারহাটের গুয়াবাড়িয়া এলাকায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় গাছে আটকে পড়া এক কৃষককে দ্রুত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হুলারহাট এলাকার গুয়াবাড়িয়া থেকে ওই কৃষককে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শোয়েবের নেতৃত্বে ফায়ার ফাইটার মো. রাসেল শেখ ও নাজমুল যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এ সময় প্রায় ৩৫ থেকে ৪০ ফুট উঁচু নারিকেল গাছে অচেতন অবস্থায় আটকে থাকা কৃষককে বিশেষ কৌশলে রশির সাহায্যে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে তাকে স্বজন ও পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার অভিযানে ফায়ার ফাইটার মো. রাসেল শেখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করায় অচেতন কৃষককে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়েছে।
পড়ুন : শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার আহ্বান বিভাগীয় কমিশনারের


