ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম কালু (২৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কালু উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সাইফুল ইসলাম নিজেই অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের কাচ ভেঙে যায়। ভাঙা কাচের একটি অংশ সাইফুলের গলায় ঢুকে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রোকন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : ধামরাইয়ে নিসচার মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন


