জামালপুরের ইসলামপুরে যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে একটি মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা মামলাটি প্রত্যাহার ও মলিনকে হয়রানি বন্ধের দাবি জানান।
শুক্রবার সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চরপুটিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান, দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক রমজান আলী মেম্বার, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব শহিল্লাহ বেপারী, উত্তর শাখা বিএনপি নেতা লুৎফর রহমান, জিয়াউল হক মাস্টারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, গৃহবধূ মন্জুয়ারার আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক বিরোধের জেরে হামিদুর রহমান মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। একই সঙ্গে মলিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও দাবি করেন, ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাই মামলায় তার সম্পৃক্ততার বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম বলেন, “আত্মহত্যার ঘটনাকে নাটকীয়ভাবে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে একটি কুচক্রী মহল আমাদের প্রিয় নেতা হামিদুর রহমান মলিনের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “যারা এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমাদের আন্দোলন আরও জোরদার করা হবে। এটি শুধু মলিনকে হেয় করার চেষ্টা নয়, বিএনপিকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করারও একটি কৌশল বলে আমরা মনে করি।”
মানববন্ধন থেকে বক্তারা হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধের দাবি জানান।
পরে মানববন্ধনস্থল থেকে বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। মিছিলটি চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।
তবে মন্জুয়ারার মৃত্যুর ঘটনা, মামলায় হামিদুর রহমান মলিনকে আসামি করার কারণ এবং বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে মামলার বাদীপক্ষ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পড়ুন : প্রয়োজনে সরকার কঠোর হতে বাধ্য হবে: চিফ হুইপ
সা/


