নরসিংদীর ঐতিহ্যবাহী ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত শিল্পনগরী মাধবদীর ব্যবসায়ীদের সংগঠন মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন পরিদর্শন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন ও ব্যবসায়ীদের নির্বাচন যেভাবে উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, তার ধারাবাহিকতায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, মাধবদীর ব্যবসায়ীদের নির্বাচনে যারা বিজয়ী হবেন, তারা শিল্পনগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন—এটাই প্রত্যাশা। জনপ্রতিনিধি হিসেবে তিনি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবেন বলেও জানান।
এ সময় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন খায়রুল কবির খোকন। তিনি বলেন, চেম্বারের নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৩২ জন**। চারটি জোনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ১ নম্বর জোনে ১ হাজার ৩৪২ ভোটারের বিপরীতে প্রার্থী রয়েছেন ৩১ জন। এ জোন থেকে নির্বাচিত হবেন ১১ জন। ২ নম্বর জোনে ২৯০ ভোটারের বিপরীতে প্রার্থী ৪ জন; নির্বাচিত হবেন ২ জন। ৩ নম্বর জোনে ৫২ ভোটারের বিপরীতে প্রার্থী ২ জন; নির্বাচিত হবেন ১ জন। আর ৪ নম্বর জোনে ৩৪৫ ভোটারের বিপরীতে প্রার্থী ২ জন; নির্বাচিত হবেন ১ জন।
সব মিলিয়ে নির্বাচিত ১৫ জনকে নিয়ে পরবর্তী সময়ে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
সকাল থেকেই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ব্যবসায়ী ভোটারদের উপস্থিতি দেখা গেছে। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
নির্বাচন পরিদর্শন শেষে মাধবদীর অন্যতম প্রধান সমস্যা নদী দূষণ নিয়েও কথা বলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
তিনি বলেন, অনেক শিল্পকারখানায় এখনো বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন করা হয়নি। এসব শিল্পকারখানাকে দ্রুত ইটিপির আওতায় আনা হবে। পাশাপাশি যারা নদী দূষণের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাধবদীর শিল্প ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে ব্যবসায়ী, শিল্পমালিক ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
পড়ুন : মক্কা ও মদিনার মসজিদে নববীতে হুতিদের হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
সা/


