গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার বাড়ইপাড়া এলাকায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের ক্যাম্পের প্রতিপাদ্য—‘সবুজ পৃথিবী–সুন্দর আগামী’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি সার্জন ডা. মাহমুদ নিলয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।
এতে অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদসহ জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেশের ১০টি অঞ্চল—রাজধানী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ থেকে প্রায় ৬০০ জন গাইড, গাইডার ও কমিশনার অংশগ্রহণ করেন।
ক্যাম্পে নেতৃত্ব বিকাশ, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও শৃঙ্খলা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এ ক্যাম্প শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পড়ুন : সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


