শ্রদ্ধা, ভালোবাসা ও স্মারক উপহারের মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দীর্ঘ কর্মজীবন শেষে শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখা ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আবদুল হান্নান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে স্মারক ও উপহারসামগ্রী তুলে দিয়ে প্রধান অতিথি বলেন, “শিক্ষকেরা শুধু পাঠদানই করেন না, একটি মানবিক ও আদর্শ জাতি গঠনের কারিগর হিসেবে কাজ করেন। শিক্ষাজীবন শেষে শিক্ষকেরা যখন অবসরে যান, তখন তাঁদের প্রতি সমাজের শ্রদ্ধা ও দায়িত্ব আরও বেড়ে যায়। তাঁদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই আজকের এই উদ্যোগ।” তিনি শিক্ষার গুণগত মান ধরে রাখার পাশাপাশি শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।
শ্রীপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকসহ প্রায় ৭০০ জন শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি শিক্ষকদের এক মিলনমেলায় পরিণত হয়।
পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন
সা/


