গাইবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিফর্মের ছবি ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা আফজাল হোসেন ওরফে মমিনকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
গত রবিবার রাতে গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোডের দক্ষিণ ধানঘড়া গ্রামের ‘ভাই বোন ভিলা’ নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড জব্দ করা হয়।
আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক মমিন এসআরবিতে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি এবং ইউনিফর্ম পরিহিত ছবি ভুয়া প্রোফাইলে ব্যবহার করতেন। পরবর্তীতে রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভুয়া সিম কার্ডের মাধ্যমে লোকজনকে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন এবং নানা ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
ঘটনাটির সামাজিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি’র গোয়েন্দা দল প্রতারক চক্রটিকে শনাক্ত করতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল ওই অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে আটক মমিনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাজ থেকে প্রতারণা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পড়ুন : পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ


