ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগের দিন বরগুনার আমতলীতে পায়রা নদীতে জাল ও মাছ ধরার সরঞ্জাম অপসারণ করতে গিয়ে ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকার পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা পালনের প্রস্তুতি হিসেবে বুধবার সকালে আমতলী পৌরসভার লোচা গ্রামের জেলে ওমর আলী গাজী ও জলিলুর রহমান পায়রা নদীতে থাকা ইলিশ শিকারের জাল ও জাল ফেলার সরঞ্জামাদি তুলে আনতে যান।
সকাল সাড়ে ১০টার দিকে সরঞ্জামাদি অপসারণের সময় হঠাৎ ওমর আলী গাজী নদীতে পড়ে যান। সঙ্গে থাকা জেলে জলিলুর রহমান তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
তবে দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ জেলে ওমর আলী গাজীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ওমর আলী গাজীর ছোট ভাই আক্কেল আলী গাজী বলেন, আমার বড় ভাই পায়রা নদীতে জাল ও জালের সরঞ্জামাদি তুলতে গিয়ে নদীতে পড়ে যায়। এরপর আর পানির ওপরে উঠতে পারেনি।
জেলে জলিলুর রহমান বলেন, আমরা দুজন পায়রা নদীতে ইলিশের জাল ফেলে মাছ শিকার করি। অবরোধ পালনের জন্য বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নদী থেকে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি তুলছিলাম। এ সময় হঠাৎ ওমর আলী গাজী ছিটকে নদীতে পড়ে যায়। তাঁকে উদ্ধারের চেষ্টা করেও পারিনি। স্রোতে তিনি তলিয়ে গেছেন।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে নিখোঁজ জেলেকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পড়ুন : বাদ পড়া ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সা/


