দিনাজপুরের বীরগঞ্জে জবরদখল করে নেওয়া পৈত্রিক ও ক্রয়কৃত জমি উদ্ধার এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী মো. আইয়ুব খান (৩৮), পিতা- মো. আবু তাহের খান, সাং- সোটহরী, ১নং শিবরামপুর ইউনিয়ন, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুর। তিনি সভাপতি/সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেসক্লাব বরাবর লিখিত আবেদনে এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পিতা মো. আবু তাহের খান ১৯৮৭ সালে দলিল ও আরাজী নকশা মূলে ২০১০ ও ১২৪৪ দাগে ১৭ শতক জমি ক্রয় করেন এবং তিনি নিজে ২০২১ সালে ০.৫৯ শতকসহ মোট ১৮ শতক জমির বৈধ মালিক। উক্ত জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিবাদী মো. মাহাবুব হোসেন (৩৭) বিগত সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে তার জমি জবরদখলের চেষ্টা করেন এবং ২০১৯ সালে একটি মিথ্যা মামলা করেন, যা পরবর্তীতে তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, বর্তমানে বিবাদী নিজেকে বিএনপির ওয়ার্ড সভাপতি পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে তার প্রায় ২.০৭ শতক জমি জবরদখল করে রেখেছেন এবং প্রায় ২৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। জমিতে যেতে বাধা দেওয়া ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তিনি দিনাজপুর-২ (বিরল-কাহারোল) আসনের মাননীয় সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ


