প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আলোচিত শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার সব ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বুয়েটে আবরার ফাহাদের নামে একটি নতুন আবাসিক হল নির্মাণ এবং কুষ্টিয়ার গড়াই নদীতে তার নামে একটি সেতু নির্মাণেরও নির্দেশনা দিয়েছেন তিনি।
বৈঠক শেষে পরিবারের সদস্য ও ছাত্রদল নেতারা সাংবাদিকদের জানান, আবরার ফাহাদের স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান। একই সঙ্গে গত ১৭ বছরে বিভিন্ন সময় গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জোর দাবি জানানো হয়। আবরারের ভাইয়ের দাবির পরিপ্রক্ষিতে বুয়েটে নতুন হল ও গড়াই নদীতে ব্রিজ নির্মাণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন সরকারপ্রধান।
এর আগে একই দিন সকালে আলাদা দুটি বৈঠকে ঢাকার গণপরিবহন ও ক্রীড়া খাত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থা, সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণপরিবহনে দীর্ঘদিন ধরে চলমান বিশৃঙ্খলা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পাশাপাশি দেশের সব উপজেলার ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপনের পরিকল্পনা বিষয়েও আলাদা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, রাজধানী ঢাকায় ছেলে ও মেয়েদের খেলাধুলার জন্য ১৩৪টি মাঠ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৪টি মাঠ চিহ্নিত করা হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, এসব নির্ধারিত খেলার মাঠের অনেকগুলোই বর্তমানে অবৈধ দখলে রয়েছে। সেগুলো দ্রুত উদ্ধার করে খেলার উপযোগী করতে প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। এ ছাড়া খেলার মাঠে কোনো ধরনের মেলা বা বাণিজ্য আয়োজন না করার বিষয়ে কঠোর অবস্থান নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
পড়ুন : ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ


