ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা থেকে আসামী আদালতে নিয়ে যাওয়ার সময় পিকআপ খালে পড়ে ৩ পুলিশ সদস্য ও দুই আসামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মনিপুরে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, বিজয়নগর থানার তিন কনস্টেবল মোস্তফা (৩০), জুমন (৩০), চালক তোফায়েল (৪২), আসামী মোহন মিয়া (৪২) ও রোজিনা বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানা থেকে মাদক মামলায় রিমান্ডের আসামী মোহন ও পারিবারিক মামলার আসামী রোজিনাকে পিকআপে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আদালতে নেওয়া হচ্ছিল। রিমান্ডের ও নারী আসামী আদালতে নিয়ে যাওয়া হলেও তাদের সাথে ছিলেন না কোন অফিসার ও নারী কনস্টেবল। পিকআপে ছিলেন মাত্র দুইজন কনস্টেবল। পথিমধ্যে মনিপুর বন্দর বাজার এলাকায় পৌঁছালে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে।
দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও নারী আসামির অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে আসেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহ. জালাল উদ্দিন ফাহিম। তিনি আহতদের খোঁজ খবর নেন এবং তাদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রদান করেন। তবে এসময় স্থানীয় সাংবাদিকরা এসপির কাছে এই দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জেনে জানানো হবে।
পড়ুন : পাংশায় আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার


