‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন ইবরার টিপু

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা নিলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জনপ্রিয় গীতিকার কবির বকুল সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদটি দেশবাসীকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক অ্যাকাউন্টে অসুস্থ ইবরার টিপুর একটি ছবি প্রকাশ করে কবির বকুল তার বর্তমান অবস্থার কথা তুলে ধরেন। বকুল লিখেছেন, “আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন। তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছেন।”

কবির বকুলের মতে, ইবরার টিপু এই মুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গীতিকার তার সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, “একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সাথে। তার সাথে শেষ দেখা হয়েছিল এ বছর রোজার ঈদে। অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন আমাদের নিউইয়র্কের বাসায়। আজ অনেক দিন পর ইবরার টিপুর সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।”

বাংলা সংগীত জগতকে সমৃদ্ধ করা ইবরার টিপুর অসংখ্য কালজয়ী গান রয়েছে। তার সাথে কাজের স্মৃতিচারণ করে কবির বকুল লিখেছেন, “ইবরার টিপু আমাদের অনেক কালজয়ী গান দিয়েছেন। ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, কিংবা ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’, কিংবা ‘বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ’। আমার সংগীত জীবনে তার সাথে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার দেখা একজন মৃদুভাষী, সদাহাস্য সজ্জন মানুষ- হঠাৎ যেন তার পৃথিবী উল্টে গেল।” পরিশেষে তিনি সুরকার ইবরার টিপুর দ্রুত সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন।

উল্লেখ্য, অনেক দিন ধরেই সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি এতদিন গোপন থাকলেও গত জুলাই মাসে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে তার স্ত্রী বিন্দু কণা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন।

পড়ুন : দিল্লিতে আটক মমতা বন্দোপাধ্যায়

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন