দেশীয় অস্ত্রসহ সবুজ শেখকে আটক করে বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।
পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে দেশীয় অস্ত্রসহ সবুজ শেখ নামে এক ব্যক্তিকে আটক করে আমিনপুর থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, সরকারি জায়গা দখল, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক সবুজ শেখ পাবনার কাশিনাথপুরের নয়াবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মিরাজ শেখ। এলাকাবাসীর অভিযোগ, তিনি সরকারি জায়গা দখল করে মাদক সেবনের আস্তানা গড়ে তুলেছেন। এ ছাড়া রাতের বেলায় রাস্তাঘাটে ডাকাতি, ছিনতাই এবং মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, সবুজ শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন এলাকাবাসী তাঁকে দেশীয় অস্ত্রসহ আটক করেন। পরে তাঁকে গণপিটুনি দিয়ে আমিনপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার সংখ্যা এবং উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন : বন্দরে বিল থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত
সা/


