ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ, রোববার (১১ অক্টোবর)। বিশেষ এই দিনটিতে একদিকে যেমন তার বর্ণিল ক্যারিয়ার ও ভক্তদের প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে, অন্যদিকে মায়ের প্রতি ছেলের মিষ্টি ভালোবাসায় তৈরি হয়েছে এক আবেগঘন মুহূর্ত।
জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তার ছেলে আব্রাম খান জয়। মায়ের উদ্দেশ্যে সে লিখেছে, “হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।” ছোট্ট এই শুভেচ্ছাবার্তার সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছে জয়, যা ফুটিয়ে তুলেছে মায়ের প্রতি সন্তানের গভীর অনুরাগ।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল তার, আর সেই নাচ শেখার সুবাদেই একসময় রূপালি জগতে পা রাখেন তিনি। ২০০৫ সালে খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও তারকাখ্যাতি পান তিনি। সেই সময় শাকিব খানের সঙ্গে তার জুটি বাংলা চলচ্চিত্রে এক অনন্য উন্মাদনা তৈরি করেছিল।
নব্বই ও দুই হাজার দশকের ঢালিউডের বাণিজ্যিক সিনেমার পরিচিত এই মুখ রোমান্টিক গল্প, পারিবারিক আবেগ এবং নাচ-গানের মাধ্যমে হয়ে উঠেছিলেন অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী। তার দীর্ঘ অভিনয়জীবনের উল্লেখযোগ্য ও ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘কোটি টাকার প্রেম’, ‘রাজা বাবু’, ‘লাভ ম্যারেজ’, ‘হিটম্যান’, ‘সম্রাট’, ‘রাজনীতি’, ‘পাঙ্কু জামাই’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করে তিনি চলচ্চিত্র নির্মাণেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। ব্যক্তিগত জীবনের নানা আলোচনা ও অভিনয়ে কিছু বিরতি পেরিয়ে তিনি এখন নতুন কাজের মধ্য দিয়ে আবারও নিয়মিত হওয়ার অপেক্ষায় আছেন। ২০২৪ সালে বড় পর্দায় ‘ট্র্যাপ’ সিনেমায় দেখা যাওয়ার পর বর্তমানে ‘শিকার’, ‘দুর্বার’ ও ‘সিক্রেট’-এর মতো নতুন প্রকল্পগুলো নিয়ে ভক্তদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
জন্মদিনে ভক্ত ও অনুরাগীদের প্রত্যাশা, পুরোনো সাফল্যের স্মৃতি সঙ্গে নিয়ে নতুন উদ্যমে অভিনয়ে ফিরবেন এই তারকা। ঢালিউডের জনপ্রিয় এই মুখের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কেমন হয়, এখন তারই অপেক্ষায় দিন গুনছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
পড়ুন : পাঁচ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান
সা/


