শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের আহ্বান জানিয়ে পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।
রবিবারববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে এ সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে।
তারা আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ বা বিরোধ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয় ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতারা। একই সঙ্গে উৎসব উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা এবং সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতারা।
পড়ুন : চাটমোহর উপজেলায় রাতভর ওষুধের দোকান খোলার উদ্যোগ


