পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গাফিলতি কিংবা দুর্নীতির কোনো অভিযোগ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) আলী হায়দার চৌধুরী। কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে থানাগুলোকে জনসেবার কেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে মেহেরপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পুলিশ সুপার।
আলী হায়দার চৌধুরী বলেন, প্রতিটি পুলিশ সদস্যের আচরণ হতে হবে পেশাদার ও জনবান্ধব। সাধারণ মানুষ যেন থানায় এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, বরং প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। মেহেরপুরে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেলার যানজট পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার বলেন, পর্যাপ্ত সড়কের অভাব, পার্কিং ও টার্মিনাল সংকটের কারণে বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে সতর্কতার সঙ্গে কাজ চলছে। এ ছাড়া মাদক ও কিশোর অপরাধসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় শিগগিরই দৃশ্যমান পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলায় পুলিশের পাশাপাশি কোনো বেসরকারি প্রশাসন বা কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি মেনে নেওয়া হবে না।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আতিকুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি বেনিয়ামিন মুক্ত ও সাধারণ সম্পাদক রমিজ আহসান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, গাংনী প্রেসক্লাবের সভাপতি সিরাজ উদ্দৌলা এবং মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শের খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
পড়ুন : ইলা মিত্রের স্মরণে নাচোলে তিন দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু


