সৌদি আরবে চলমান পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধও জানিয়েছে দূতাবাস।
একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত এক অতি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি সম্পর্কে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শান্তিভঙ্গের অপরাধ।
এ পরিপ্রেক্ষিতে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা সংশ্লিষ্ট তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে— যেমন ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য মাধ্যমে প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানিয়েছে দূতাবাস।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে যেকোনো তথ্যের জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো—
শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত নম্বর: ৮০০১০০০১২৮
মৃত্যুসংক্রান্ত হটলাইন নম্বর: +৯৬৬৫৭০২১২১৮০
এ ছাড়া নিয়মিত হালনাগাদ তথ্য পেতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পেজটির লিংক: https://www.facebook.com/bdembassyriyadh
পড়ুন : রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান বাংলাদেশ


