নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ভারতে তরুণদের নেতৃত্বে চলা ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে উল্লেখ করেছেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর দাবি, বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ভারতের প্রতিবাদী তরুণদেরও পথ দেখিয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ফেসবুক পেজে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক সংহতি বার্তায় এ মন্তব্য করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
বার্তায় তিনি বলেন, ‘আমরা জানি, এই দেশে (ভারতে) সর্বত্র আমরা যে জেন জি আন্দোলন দেখছি, তার সূত্রপাত হয়েছিল বাংলাদেশে।’
বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের অভিজ্ঞতার সঙ্গে ভারতের তরুণদের বর্তমান লড়াইয়ের যোগসূত্র টেনে নেহা বোরা বলেন, ‘আপনারা আপনাদের দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করেন, সেই একই লড়াই আজ এই দেশের জেন জি ও তরুণ প্রজন্মও করছে।’
বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। তাঁর বক্তব্যে উঠে আসে, নিজ নিজ দেশে অধিকার ও স্বাধীনতার প্রশ্নে তরুণদের আন্দোলনের পাশাপাশি পুরো অঞ্চলে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তাও।
ভারত ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেহা বোরা। ভারতে শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশেও সমালোচনামূলক চিন্তাভাবনার পরিসর সংকুচিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে হুমকি বাড়ছে।
উন্নততর দক্ষিণ এশিয়া গড়ে তোলার লক্ষ্যে তরুণদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ভারতের তরুণদের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন।
ভারতের জেন জি প্রজন্মের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে তাঁর সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি দেশজুড়ে আলোচনায় আসেন।
নাট্যশিল্পী ও সমাজকর্মী হিসেবে পরিচিত বোরা মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতেও সক্রিয়। নির্বাচনী সংস্কার, শিক্ষার স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি আচরণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তাঁর কর্মকাণ্ডে সেসব বিষয় গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ভারতের তরুণদের প্রতিবাদের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরে নেহা বোরা দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে সংহতির বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্যে আঞ্চলিক রাজনীতি ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পারস্পরিক প্রভাবের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
আর/


