আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পিরোজপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সদর উপজেলার সাতটি ইউনিয়ন ও পিরোজপুর পৌরসভার বাছাইকৃত ৩৭৪ জন আনসার-ভিডিপি সদস্য অংশ নেন। আসন্ন দুর্গোৎসবে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার ৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হবে। এর মধ্যে ১৬টি অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৬ জন সেকশন কমান্ডার, ৫৭ জন সহকারী সেকশন কমান্ডার এবং ৩০১ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত এবং সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।
এ সময় তাঁরা দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পূজামণ্ডপের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপিত হোক,এমন প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পড়ুন : সৌদি আরবে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সা/


