হলিউডের তারকাবহুল ‘স্ট্রিট ফাইটার’ ও দেশীয় ৩ ছবি মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়

চলতি দুর্গাপূজার উৎসবের আবহে আন্তর্জাতিক ও দেশীয় চলচ্চিত্রের এক বিশাল সমারোহ ঘটছে দেশের সিনেমা হলগুলোতে। বিখ্যাত ভিডিও গেম সিরিজ অবলম্বনে তৈরি বহুল আলোচিত হলিউড ছবি ‘স্ট্রিট ফাইটার’ আজ শুক্রবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সাথে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। এর পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহগুলোতে জায়গা করে নিচ্ছে তিনটি নতুন বাংলা সিনেমা—‘কাট-পিস’, ‘চিরকুট’ এবং ‘স্নেহের বন্ধন’।

বিজ্ঞাপন

বড় পর্দায় অ্যাকশনধর্মী ‘স্ট্রিট ফাইটার’

ক্যাপকমের লড়াইভিত্তিক গেম থেকে অনুপ্রেরণা নিয়ে কিতাও সাকুরাইয়ের পরিচালনায় নির্মিত হয়েছে ‘স্ট্রিট ফাইটার’। ১৯৯৩ সালের পটভূমিতে রিউ (অ্যান্ড্রু কোজি) ও কেন মাস্টার্সের (নোয়া সেন্টিনিও) বিচ্ছেদ এবং চুন-লির (ক্যালিনা লিয়াং) ডাকে সাড়া দিয়ে ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’-এ যোগ দেওয়ার গল্পকে কেন্দ্র করে এগোয় ছবির কাহিনি। তবে এই লড়াইয়ের পেছনে রয়েছে এক প্রাণঘাতী ষড়যোত্র।

লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ও ক্যাপকম প্রযোজিত ছবিটির বড় আকর্ষণ এর তারকাবহুল কাস্টিং। এতে সবুজ ত্বকের ব্ল্যাঙ্কা চরিত্রে হলিউড তারকা জেসন মোমোয়া, ধালসিম চরিত্রে ভারতীয় অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল এবং আকুমা চরিত্রে রেসলিং তারকা রোমান রেইন্স রূপদান করেছেন। এছাড়া গাইল চরিত্রে রেসলার কোডি রোডস, এম বাইসন চরিত্রে ডেভিড ডাস্টমালচিয়ান এবং বালরগের ভূমিকায় কার্টিস ‘ফিফটি সেন্ট’ জ্যাকসন অভিনয় করেছেন। গেমের বিচিত্র লড়াইয়ের কৌশল ও বিশ্বকে বড় পর্দায় বাস্তব রূপে ফুটিয়ে তোলাই এই আয়োজনের লক্ষ্য।

সর্বোচ্চ হল নিয়ে প্রেক্ষাগৃহে ‘কাট-পিস’

তৈরি পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষমতার দ্বন্দ্ব ও অপরাধজগতের গল্পে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ আজ ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে। ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। জাজ মাল্টিমিডিয়ার প্ল্যাটফর্মে ট্রেইলার ও আইটেম গান ‘ছাপ্পা’ প্রকাশের পর থেকেই ছবিটি বেশ আলোচনায় রয়েছে। দুর্গাপূজায় মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে স্টার সিনেপ্লেক্স (সনি), ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসসহ দেশজুড়ে সর্বমোট ২৩টি প্রেক্ষাগৃহে মুক্ত পেয়ে হল প্রাপ্তির দিক দিয়ে এটি শীর্ষে অবস্থান করছে।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে সিফাত আমিন শুভ, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী অভিনয় করেছেন। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে অভিনেত্রী নানজীবা তোরসার।

নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্পে ‘চিরকুট’

নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি রোমান্টিক সিনেমা ‘চিরকুট’ প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে। ফিল্ম ম্যানিয়ার প্রযোজনায় এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব ও আবদুল্লাহ আল সেন্টুসহ আরও অনেকে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী এতে সরাসরি অংশ নিয়েছেন।

প্রচারণায় ‘প্রেমে গেলাম ডুবে’ গান ও ট্রেইলার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। চলচ্চিত্রটির অভিজ্ঞতা সম্পর্কে নির্মাতা মুনতাসির আকিব বলেন, “টিজার, ট্রেইলার আর রোমান্টিক গান ‘প্রেমে গেলাম ডুবে’ প্রকাশের পর থেকে এত সাড়া পাচ্ছি, যা দেখে আমি অভিভূত। ‘চিরকুট’ একটি বিশুদ্ধ বাংলা সিনেমা। নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই সিনেমাটির গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প দেখেন না, বরং একটি সময়কে অনুভব করতে পারেন, সেটাই আমাদের চেষ্টা। আশা করি, ‘চিরকুট’ এবারের দুর্গাপূজার আনন্দ বাড়িয়ে দেবে।”

পারিবারিক আবেগের ‘স্নেহের বন্ধন’

কামরুজ্জামান পরিচালিত এবং সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত পারিবারিক রোমান্টিক সিনেমা ‘স্নেহের বন্ধন’ প্রথম দিনে ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে প্রধান জুটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা মৌ খান। আরও অভিনয় করেছেন আঁখি চৌধুরী এবং প্রবীণ অভিনেতা কাজী হায়াত।

ছবিটি নিয়ে আত্মবিশ্বাসী চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, “অসাধারণ একটি গল্পে কাজ করলাম। আমি এবং সহশিল্পী যারা ছিলেন, সবাই হৃদয় দিয়ে কাজটি করেছেন। বড় পর্দায় সবাই যখন গল্পটি দেখবে, সিট ছেড়ে উঠতে পারবে না। আমি খুবই আত্মবিশ্বাসী, দর্শক অনেক দিন পর ভালো কিছু দেখতে যাচ্ছে।”

অন্যদিকে চিত্রনায়িকা মৌ খান মন্তব্য করেন, “আমি সবসময় বেছে কাজ করার চেষ্টা করি। গল্প ভালো না হলে চরিত্রের মাধ্যমে নিজেকে তুলে ধরা যায় না। সেই জায়গা থেকে স্নেহের বন্ধনের গল্প আমাকে মুগ্ধ করেছে। আমিও কাজটি করে দারুণ আনন্দ পেয়েছি। এতটুকু বলতে পারি, যারা সিনেমাটি দেখবেন তারা হতাশ হবেন না এবং এই সিনেমাটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য একটি কাজ হতে যাচ্ছে।”

পারিবারিক আবেগ, ঐতিহাসিক ক্যাম্পাস জীবন, এলাকার গ্যাংস্টার ড্রামা থেকে শুরু করে আন্তর্জাতিক অ্যাকশন—এই বৈচিত্র্যময় সব গল্প সিনেমা হলে কতটা দর্শক টানতে পারবে, তা এখন দেখার বিষয়।

পড়ুন : আধুনিক বাংলা সুরের রূপকার: শুভ জন্মদিন হাবিব ওয়াহিদ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন