বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের ক্ষতি করেছেই। আর এই দেড় বছরে ইন্টারিম সরকার যে পরিমাণ ক্ষতি করেছে, সেই ক্ষতির বর্ণনা আপনাদের দেওয়া যাবে না। আমার মনে হয়, সরকারি কর্মকর্তারা এসব জানেন।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন না দেওয়ার পাঁয়তারা করেছিল। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি।
শুক্রবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান, অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ, বৃক্ষমেলার চারা বিতরণ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সেবা প্রদান করা হয় এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
বকশীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হাসান সভাপতিত্ব করেন। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : চার দিনের বিরতি শেষে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত সাজেক
সা/


