রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাগুরা জেলা শাখার দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় বৈঠকে উপস্থিত অন্যরা পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন মাগুরা জেলা ছাত্রলীগের সহসভাপতি তানভীর আহমেদ (২৬) এবং জেলা ছাত্রলীগের উপসাহিত্যবিষয়ক সম্পাদক জুয়েল রানা (২৬)।
তানভীর আহমেদ মাগুরা সদর থানার স্টেডিয়ামপাড়া এলাকার মোহাম্মদ মোকাদ্দেস হোসেন ও বিউটি আক্তারের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা ঢাকার মিরপুর-৬-এর ব্লক-বি এলাকায়।
অন্যদিকে জুয়েল রানা মাগুরা সদর থানার সাজিয়ারা এলাকার মৃত মোশারফ মোল্লা ও মিলি বেগমের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা ঢাকার মিরপুরের রূপনগর এলাকার ১৪ নম্বর সড়কে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে গোপন বৈঠক চলছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া অন্যরা পালিয়ে যান। তবে তানভীর আহমেদ ও জুয়েল রানাকে আটক করা হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, “নিষিদ্ধ সংগঠনের নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কিংবা গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করে কেউ পার পাবে না। খিলক্ষেতের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পড়ুন : অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার


