আদনান আজাদের দ্বিতীয় ইনিংসে অপু বিশ্বাসের যাত্রা

সিনেমায় আদনান আজাদের অভিষেক হয়েছিল দেড় যুগ আগে। ছবির নাম ‘পাষাণের প্রেম’। সেখানে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন আদনান। এরপর দেখা নেই অনেক দিন। হঠাৎ এই জুটিকে একসঙ্গে দেখা গেল একটি ফটোশুটে। তবে এটাকে আদনান বলছেন দ্বিতীয় ইনিংস। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এই জুটির রোমান্টিক ফটোশুটের ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। পুরোনো জুটিকে ফের পর্দায় একসঙ্গে দেখার আগ্রহ প্রকাশ করছেন ভক্তরা। আর সেই আগ্রহের মধ্যেই নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসের সঙ্গে তোলা সাতটি রোমান্টিক ছবি প্রকাশ করেন আদনান আজাদ। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, “১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।”

আদনানের এই ক্যাপশন ও ছবিগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে দুজনের রসায়নের প্রশংসা করেছেন, কেউ কেউ আবার নতুন সিনেমায় এই জুটিকে দেখার প্রত্যাশার কথাও জানিয়েছেন।

মাহফুজ কাদরীর স্টাইলিংয়ে ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস-আজাদ আদনান। ফটোশুটটি শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনাও। এসব তথ্য উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, “সম্প্রতি কাজের প্রয়োজনে বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে তোলা ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি ইতিবাচক সাড়া পাচ্ছি।”

বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে আদনান আজাদের। এ জন্য দেশের বাইরে থেকে সেরা একটি দল নিয়ে কাজ করার চিন্তাভাবনাও করছেন তিনি। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। শিগগিরই আবারো তাদের দেখা হওয়ার কথা রয়েছে, তখন সিনেমা নিয়ে আলোচনা এগোতে পারে বলে আশা ব্যক্ত করছেন অপু বিশ্বাস।

১৮ বছর আগে প্রয়াত বরেণ্য নির্মাতা ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় জুটি বেঁধেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। এরপর দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।

অভিনয় থেকে দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসকে সঙ্গে নিয়ে আবারো চলচ্চিত্রে ফেরার পরিকল্পনা করছেন আদনান আজাদ। তিনি বলেন, “দেড় যুগ আগে অপু বিশ্বাসের হাত ধরেই রুপালি পর্দায় অভিষেক হয়েছিল। এবার নতুন অপু বিশ্বাসের সঙ্গেই চলচ্চিত্রে ফেরার পালা।”

চলচ্চিত্রের বাইরে টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন আদনান। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন। শোবিজ অঙ্গনে কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া আদনান আজাদ বর্তমানে বন্যপ্রাণী সংরক্ষণ ও আলোকচিত্রের কাজেও সক্রিয়। কিছু দিন আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে গঠিত জাতীয় বন্যপ্রাণী কমিশনের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি। বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করার পাশাপাশি একসময় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাছাড়া রাজনৈতিকভাবেও সক্রিয় আদনান আজাদ।

বিজ্ঞাপন

পড়ুন : অপু বিশ্বাসের বিশেষ বার্তা ও ছবি ঘিরে জোর আলোচনা: কে এই ‘বিজনেস মেন্টর’?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন