সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৯টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করার পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
শুক্রবার বিকেল থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
শনিবার বিকালে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলকুচি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধ ভাবে নদীতে মাছ আহরণ বন্ধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষে এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। অভিযানকালে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় উপস্থিত ছিলেন।
পড়ুন : জাতীয় সম্মাননায় ভূষিত ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান


