জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের সম্পাদক নির্বাচিত হওয়ায় ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা দিয়েছে ইসলামপুর প্রেসক্লাব।
সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি খাদেমুল হক বাবুল, সহসভাপতি রহিমা সুলতানা মুকুল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, দপ্তর সম্পাদক হোসেন রানা, আজকের পত্রিকার প্রতিনিধি এম কে দোলন বিশ্বাস, সাংবাদিক হোসেন শাহ এবং দৈনিক ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি শাহজামালসহ অন্যরা।
বক্তারা বলেন, শাহিদুর রহমান শাহিদ দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতা সাংবাদিকতার অঙ্গনে প্রশংসনীয়। তিনি ইসলামপুরের সাংবাদিকদের বিভিন্ন সময়ে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং তাঁদের পেশাগত অগ্রযাত্রায় উৎসাহিত করেছেন। ডেইলি বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাঁরা আনন্দিত ও গর্বিত। তাঁর নতুন দায়িত্বে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সাংবাদিকতা জীবনে শাহিদুর রহমান শাহিদ ভোরের ডাক, মানবকণ্ঠ, দৈনিক সাহস ও আমাদের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও নিষ্ঠার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতায় নিজের অবস্থান তৈরি করেছেন।
সংবর্ধনার জবাবে শাহিদুর রহমান শাহিদ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনে মানুষ অনেক দূর যায়, কিন্তু শিকড়ের কাছে ফিরে আসা এবং সেখানকার মানুষের ভালোবাসা পাওয়া অনেক বড় প্রাপ্তি।
তিনি বলেন, ইসলামপুর প্রেসক্লাবের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। এখানকার অনেকের সঙ্গে আমার দীর্ঘদিনের পথচলা। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। গোলাম হাফিজ বকুল আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। শুধু তিনি নন, আরও অনেকে বিভিন্ন সময়ে আমাকে অনুপ্রাণিত করেছেন।
শাহিদুর রহমান শাহিদ আরও বলেন, আমি এই প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জীবনে যত দূরেই যাই না কেন, নিজের শিকড়ের কথা ভুলে যাওয়া সম্ভব নয়। আজ আপনারা আমার সম্পর্কে যেসব ভালো কথা বলেছেন, তার প্রকৃত দাবিদার আপনারাই। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে আজকের অবস্থানে আসতে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করেছে। ইসলামপুরের সাংবাদিকদের ভালোবাসা ও অনুপ্রেরণা তাঁর পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার অন্যতম শক্তি। নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং ইসলামপুর প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন:খালিয়াজুরীতে আদালতের রায় অমান্য করে ব্যবসায়ীর জমি দখল
ইমি/


