নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) কাওছার আহমেদের (৩৫) উপর হামলার ঘটনার পর শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব ও মেসেঞ্জারে প্রেমের প্রলোভনের একাধিক চাঞ্চল্যকর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্ক্রিনশটে দেখা যায়, “Md. Kawsar Ahmmed” নামের ফেসবুক মেসেঞ্জার আইডি থেকে এক ছাত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে— “তুই যদি আমার সাথে প্রেম করছ,, তবে তোরে পরিক্ষায় ভালো মার্কস্ দিব,,”। জবাবে ছাত্রীটি তা প্রত্যাখ্যান করে বলে, “আমার ভালো মার্কসের দরকার নাই,,”। পরবর্তীতে শিক্ষক আবার লেখেন, “যদি তুই আমারে রিজেক্ট করছ,, তবে তোরে পরিক্ষার খাতায় ভালো মার্কস দিবো না,,”। এ ছাড়াও ছাত্রীকে রুম ডেট করার প্রস্তাবসহ কুপ্রস্তাব দেওয়া হয় এবং প্রধান শিক্ষক এনামুল স্যারের কাছে বিচার দেওয়ার কথা বললে বিভিন্ন ধরনের হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রথম বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্রীর মধ্যে বাক্বিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। সে সময় শিক্ষক কাওছার আহমেদ এক ছাত্রীকে শাসন করেন। পরবর্তীতে ১৮ অক্টোবর রবিবার কাঞ্চন বাজারে শিক্ষক কাওছার আহমেদকে পেয়ে বর্তমান ও সাবেক ছাত্ররা বাক্বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে শিক্ষককে বেদম প্রহার করে রক্তাক্ত করে। গুরুতর আহত শিক্ষককে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ইউএস-বাংলা মেডিকেল কলেজ এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষকের উপর হামলার ঘটনায় ১৯ অক্টোবর সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মামলার এজাহারনামীয় আসামি স্কুলের সাবেক ছাত্র সিয়াম আহমেদকে (২২) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে নানা কৌশল প্রয়োগ করছে বলে জানিয়েছেন বিশ্বস্ত সূত্র।
পড়ুন : সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
সা/


