পিরোজপুরের নাজিরপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাধ এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রীনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে শ্রীরামকাঠী বন্দরের ফেরিঘাট এলাকায় যাত্রীবোঝাই একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় দুর্ঘটনার দিনই এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে রীনা বেপারী নিখোঁজ ছিলেন।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অভিযান চলছিল। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মধুরাবাধ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়রা অংশ নেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, ট্রলারডুবির ঘটনায় তদন্ত চলছে। তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘাটের ইজারাদারদের অবহেলা পাওয়া গেলে ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
ইমি/


