নোয়াখালীতে জমে উঠছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। তফসিল ঘোষণার আগেই সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে দোয়া-মোনাজাত ও মোটরসাইকেল শোডাউনের মধ্যদিয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিন উদ্দিন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর এলাকায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি নিজেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেন। পরে বিকালে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন মহিন উদ্দিন।
এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। দোয়া ও মোটরসাইকেল শোডাউনে প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রার্থীতা ঘোষণা করে মো. মহিন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তিনি চরমটুয়া ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।
মহিন উদ্দিন বলেন, দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাঁকে চেয়ারম্যান পদে সমর্থন দেবে বলে তিনি আশাবাদী। দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষের উৎসাহেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচিত হলে ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার কথা জানান। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে চরমটুয়াকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বলেও উল্লেখ করেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
এদিকে, স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের এমন তৎপরতায় নির্বাচনী আলোচনা ক্রমেই বাড়ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে হাটবাজার ও চায়ের দোকান- সবখানেই চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা আলোচনা। ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং নিজেদের অবস্থান তুলে ধরতে সক্রিয় হয়ে উঠছেন আগ্রহী প্রার্থীরা।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৭ সালের জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের খবর সামনে আসার পর এ তৎপরতা আরও গতি পেয়েছে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা ও নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনার মধ্যদিয়েই নির্বাচনী কার্যক্রমের সময়সূচি ও চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
পড়ুন : কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু


