সিনেমার তারকাদের প্রভাব ও সাফল্য এখন আর কেবল বক্স অফিসেই সীমাবদ্ধ নেই; বরং সিনেমার বাইরে প্রচারণা ও ব্যবসায়িক খাতেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করছেন অনেকে। এই তালিকায় অন্যতম সফল মুখ দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয়ের পাশাপাশি একের পর এক ব্যবসায়িক উদ্যোগে বাজিমাত করছেন এই তারকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামান্থার সহ-প্রতিষ্ঠিত পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’-এর আয় তরতর করে বাড়ছে। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে গড়ে তোলা এই ব্র্যান্ডটির আয় গত আট মাসেই বেড়েছে আট গুণ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির মোট আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে।
ব্যবসায়িক এই সাফল্যের পাশাপাশি কিছুদিন আগে মুক্তি পেয়েছে সামান্থার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। এটিও বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।
একসঙ্গে দুই ক্ষেত্রের এমন সাফল্য নিয়ে সামান্থা বলেন, “সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’ এমন একটি সিনেমা, যা আমার হৃদয়ের খুব কাছের। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ হলো শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার যাত্রা, যেখানে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি, যারা এই উদ্যোগের লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী। মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এই সাফল্যগুলোই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।”
সুগন্ধি ব্র্যান্ড ছাড়াও আরও বেশ কিছু সফল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সামান্থা।
সাকি (Saaki): ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে ভারতীয় নারীদের জন্য সমসাময়িকভাবে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে এটি প্রতিষ্ঠা করেন।
মাইল কালেক্টিভ (Mille Collective): হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাক্টিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড।
গাটাকা (Gutaka): পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ডটিরও সহ-প্রতিষ্ঠাতা তিনি।
পড়ুন : চট্টগ্রামের সেই নজরকাড়া মণ্ডপে পূজা চেরি


