ইসলামপুরে জেলা ইজতেমা সফল করতে ঐক্যের ডাক

জামালপুরের ইসলামপুরে আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জেলা ইজতেমা সফল করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইসলামপুর নতুন মার্কাজ মসজিদে বাদ জোহর নামাজের পর নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন সরকার, বীর মুক্তিযোদ্ধা রফিক সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, ইসলামপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবলু মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য এ,ই সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনায় জেলা ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বীনের কাজ সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ। ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবন্ধকতার আশঙ্কা থাকলেও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাতেম আলী সাদা বলেন, এই মসজিদ আমাদের গ্রামের। এখানে আল্লাহ ও রাসুলের কথা হবে, অন্য কিছু নয়। যারা ইজতেমা পণ্ড করার অপচেষ্টা করছেন, তাঁদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। আমাদের গ্রামের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, নির্ধারিত সময়েই এখানে ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ইজতেমার কার্যক্রম সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা মুসলমান। ইজতেমায় কারও অংশ নেওয়ার ইচ্ছা হলে তিনি আসবেন, আর ইচ্ছা না হলে আসবেন না। তবে কথার মাধ্যমে কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান বলেন, ইসলাম শান্তির ধর্ম। তাই প্রতিটি কাজে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সভায় নিজামুদ্দিন মার্কাজের ইসলামপুরের আমির হাজী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জেলা ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পড়ুন: সমমনা ৭ দল নিয়ে নতুন ইসলামী জোট ঘোষণা

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন