ফটিকছড়িতে চোরাই রাবার উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ফটিকছড়িতে চোরাই রাবার উদ্ধারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অপহরণ করে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ জাহেদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ২২ অক্টোবর ২০২৬ তারিখে ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আজগর সালেহী।

জিডি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর চট্টগ্রাম শহরে পাচারের সময় একটি কভার্ড ভ্যান থেকে প্রায় সাড়ে চার হাজার কেজি চোরাই রাবার উদ্ধার করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় ভূজপুর থানায় একটি চুরির মামলা করা হয়েছে। মামলা নম্বর-১৭, তারিখ ২০ অক্টোবর ২০২৬। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে মোহাম্মদ জাহেদুল ইসলাম ও রাসেলসহ আরও কয়েকজনের নাম এসেছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক আজগর সালেহী তাঁর পেশাগত দায়িত্বের অংশ হিসেবে এ ঘটনায় দৈনিক সাঙ্গু পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টা ১২ মিনিট ও ১০টা ১৪ মিনিটে ০১৭৭৭-৪০৭৭৭৭ নম্বর থেকে তাঁর মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল করা হয়। এ সময় তাঁকে অপহরণ করে হত্যা এবং লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি ফোনে নিজেকে পলাতক আওয়ামী লীগ নেতা আবু তৈয়বের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দেন। তাঁদের একটি সংঘবদ্ধ দল রয়েছে বলেও দাবি করেন তিনি। ভবিষ্যতে সংবাদ সংগ্রহের কাজে দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নসহ উত্তর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গেলে তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক আজগর সালেহী।

জিডিতে অভিযুক্ত মোহাম্মদ জাহেদুল ইসলামকে উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ মুন্সিপাড়ার মোহাম্মদ রফিকের ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক আজগর সালেহী ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিনিধি এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দ্য মুসলিম টাইমসের চট্টগ্রাম জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সদস্য ও ভূজপুর শাখার সেক্রেটারি এবং ভূজপুর মজলুম ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক আজগর সালেহী বলেন, পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাধীনভাবে সাংবাদিকতা করার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। একজন সাংবাদিক, সংগঠক ও শিক্ষক হিসেবে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

সাংবাদিককে হুমকির বিষয়ে ভূজপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া বলেন, জিডিটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাঁতমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ জমির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন