মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ প্রাথমিকভাবে শনাক্ত করতে না পারার অভিযোগে মাগুরা সদর হাসপাতাল অর্থ্যাৎ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খন্দকার মাইনুল হাসানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বুধবার ভোরো অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই চিকিৎসক শাকেরকে মৃত ঘোষণা করে প্রাথমিকভাবে ‘স্ট্রোক জনিত মৃত্যু’ বলে ধারণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে মরদেহের গোসলের সময় মাথার পেছনে ক্ষতচিহ্ন পাওয়া যায় এবং ময়নাতদন্তে মাথার খুলি থেকে একটি বুলেট উদ্ধার হয়।
এই চাঞ্চল্যকর ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলার প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার এবং শামীমা তাবাসসুম লুবনা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনসহ অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে জোর চেষ্টা চলছে।
পড়ুন : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের যুবক নিহত


