জামালপুরে ব্রহ্মপুত্র সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে এক মোটরসাইকেলকে মারধরের ঘটনায় জামালপুর-শেরপুর মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকায় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।
পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে চার ঘন্টা পর রাত সাড়ে ১০ টায় অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ অবরোধকারীরা।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় জামালপুরের তিন যুবক মোটরসাইকেল যোগে সেতু পার হওয়ার সময় টোল দাবি করা হয়। এ সময় তাঁরা টোল দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে টোল আদায়কারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই তিনজনকে মারধর করে মোটরসাইকেলসহ আটকে রাখে টোল আদায়কারীরা। ওই তিন যুবককে মারধরের ঘটনা জানা জানি হলে জামালপুর-শেরপুর মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। তাঁরা এসময় ব্রহ্মপুত্র সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান।
অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পরতে হয় এই পথের চলাচলকারিরা।
দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় রাত সাড়ে ১০ টার দিকে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন স্থানীয় প্রশাসন। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল শাহ জানান, অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে সব ধরণের যান চলাচল স্বাভাবিক আছে।
পড়ুন : নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী পদযাত্রায় নির্বাচনী উৎসব


