পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে, তবে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বহু বছর পর বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর, নিরাপদ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হয়েছে, যা সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইনশৃঙ্খলা নিশ্চিতকরণে অনন্য ভূমিকার জন্য তিনি বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ জনগণের প্রতি সরকারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বিগত ১৫ থেকে ১৭ বছরের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, অতীতে দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী তৎপরতা এবং সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা যেত। তবে এবার সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি শতভাগ নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে।
এবারের পূজায় কোনো অঘটন ঘটার পর পদক্ষেপ নেওয়ার বদলে ‘আগাম সতর্কতামূলক’ কৌশল গ্রহণ করা হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রযুক্তিগত সহায়তার বিষয়ে তিনি বলেন, অ্যাপ ও ডিজিটাল মাধ্যমের সাহায্যে তৃণমূলের ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা চালু ছিল। এর ফলে দুষ্কৃতকারীদের বেশ কিছু অপ্রীতিকর পরিকল্পনার খবর আগেই শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।
রেকর্ড সংখ্যক মণ্ডপ ও সরকারি সহায়তা বৃদ্ধি
চলতি ২০২৬ সালে দেশে রেকর্ড সংখ্যক মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে সরকারের অভূতপূর্ব সমর্থনের তথ্য তুলে ধরে তিনি জানান, আগে পূজা উপলক্ষে সর্বোচ্চ চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো, যা এবার প্রধানমন্ত্রী আরও এক কোটি টাকা বৃদ্ধি করেছেন। পূজায় আনন্দ ভাগাভাগি করতে সাপ্তাহিক ছুটির পাশাপাশি সরকারি ছুটি বাড়িয়ে মোট ৫ দিনের ছুটির ব্যবস্থা করা হয়। প্রতিটি মণ্ডপের জন্য চালের সরকারি বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে মোট ৬০০ কেজি করা হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষভাগে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্ত করেন যে, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাবে।
পড়ুন : অনিবার্য কারণে রোববারের একনেক সভা স্থগিত
সা/


