সিরাজগঞ্জে বন্ধুদের সাথে ঘুরতে এসে এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজের প্রায় ১৯ ঘন্টা পর রাজশাহীর ডুবুরি দল মরদেহ উদ্ধার করেছে। সোমবার সকালে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত শিক্ষার্থী জিসান আহমেদ (২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হাসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর ছেলে।
এনায়েতপুর থানার (ওসি) জাহিদ হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এসময় যমুনা নদীতে গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
তিনি আরো জানান, এনায়েতপুর থানা পুলিশ, বেলকুচি ফায়ারসার্ভিস দিনভর চেষ্টার পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন মরদেহ গ্রহনের জন্য।
নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানান, খবর পেয়ে আমরা চলে এসেছি মরদেহ গ্রহনের জন্য। এদিকে বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণ মুহূর্তে বিষাদে রূপ নেওয়ায় নিখোঁজ ছাত্রের স্বজনদের মধ্যে চরম শোক নেমে এসেছে। এই ঘটনায় রাতেই সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল রাতেই পরিদর্শন করেছেন।
পড়ুন : চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সা/


