ধামরাইয়ে রিকশার ন্যায্য ভাড়া ও শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি

ঢাকার ধামরাই পৌরসভা এলাকায় রিকশার বর্তমান ভাড়া বহাল রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, চালকদের নিবন্ধন এবং রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ধামরাই সম্মিলিত সচেতন নাগরিক ও ছাত্রসমাজ।

সোমবার (২৬ অক্টোবর) দেওয়া স্মারকলিপিতে জনস্বার্থ বিবেচনায় বর্তমান ভাড়া বহাল রেখে রিকশার ভাড়া নিয়ে সৃষ্ট সমস্যার কার্যকর সমাধানের দাবি জানানো হয়। একই সঙ্গে পৌর এলাকার রিকশা চলাচল ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও নিয়ন্ত্রিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, ধামরাই পৌর এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও অন্যান্য জরুরি প্রয়োজনে রিকশা গুরুত্বপূর্ণ পরিবহনমাধ্যম। বিশেষ করে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের একটি বড় অংশ রিকশার ওপর নির্ভরশীল।

তবে সাম্প্রতিক সময়ে রিকশার ভাড়া নির্ধারণ, চালকদের আচরণ ও যানবাহন ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ভোগান্তি তৈরি হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে কোথাও কোথাও যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে মতবিরোধ, ইচ্ছামতো ভাড়া দাবি, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়টি তুলে ধরা হয়।

এ ছাড়া ব্যস্ত সড়কে অনিয়ন্ত্রিতভাবে রিকশা চলাচলের কারণে জনদুর্ভোগ বাড়ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্মারকলিপিদাতারা।

স্মারকলিপিতে আরও বলা হয়, রিকশার নিবন্ধন, পরিচিতিমূলক নম্বর এবং চালকের পরিচয় সংরক্ষণের কার্যকর ব্যবস্থা না থাকলে কোনো অভিযোগের প্রতিকার করা, অপরাধ প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এ কারণে পৌর এলাকায় চলাচলকারী রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা এবং চালকদের পরিচয় শনাক্তের ব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্মারকলিপিদাতাদের দাবি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভাড়া নিয়ে বিরোধ নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে রিকশাচালকদের জীবিকা ও যাত্রীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তাঁরা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বর্তমান ভাড়া বহাল রেখে সমস্যার সমাধান এবং রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হলে যাত্রী ও চালক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

ধামরাই পৌর এলাকায় নিরাপদ যাতায়াত, ন্যায্য ভাড়া এবং সুশৃঙ্খল রিকশা চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা স্মারকলিপিদাতাদের।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে পুকুর মালিকের অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন