নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল ইসলাম। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের পাশে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলের আরোহীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করা হয় বলে জানা গেছে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, শাকিল হত্যা মামলায় মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ পরিবর্তন, ৩১ অক্টোবর ফল প্রকাশ
সা/


