বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ যাত্রীবাহী ইজিবাইক। চালকের আসনে বসে আছেন চালক। এই সাধারণ রূপের আড়ালেই চলছিল ভয়ংকর এক কারবার। চালকের সিটের নিচেই বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল বিদেশি মদের বড় চালান। অবশেষে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ এর একটি দলের নজরদারিতে ধরা পড়ল অভিনব প্রতারণা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এসআরবি-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান।
এরআগে, গতকাল (মঙ্গলবার) গভীর রাতে নেত্রকোনার পূর্বধলা থানার বনপাড়া বাজার এলাকা থেকে ৩৫ বোতল বিদেশি মদসহ মো. রাকিব মিয়া (৩৫) নামের মাদক কারবারিকে আটক করেছে এসআরবি।
এসআরবি-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইজিবাইকে করে মাদকের চালান পাচার হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে পূর্বধলা থানার বনপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনের পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করেন বাহিনীর সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন ইজিবাইকটি সেখানে পৌঁছালে তল্লাশি শুরু হয়।
সাধারণ চালকের বেশে থাকা রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি স্বীকার করেন, তার কাছে মাদকদ্রব্য রয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে চালকের আসনের নিচে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ এবং আসামির কাছে থাকা দুটি মোবাইল ফোনও উদ্ধার করে আভিযানিক দলটি।
আটক রাকিব মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসআরবিকে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই তিনি অবৈধ ব্যবসার সাথে জড়িত। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদসহ নানা ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে নেত্রকোনাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই তিনি ইজিবাইক চালকের ছদ্মবেশ ব্যবহার করতেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি বদ্ধপরিকর। সমাজ থেকে মাদকের মতো ভয়াবহ ব্যাধি নির্মূল করতে তাদের এ ধরণের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইতিমধ্যেই আটককৃত মাদক কারবারি রাকিব মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : ধামরাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


