যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি বলেছেন, ‘অপরাধীদের যুবদলে ঠাঁই নেই। যুবদল একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন সংগঠন। যুবদলের নেতাকর্মীদের চরিত্র ধরে রাখতে হবে। দলের দুঃসময়ে যেমন ভূমিকা ছিলো সুসময়েও ঠিক তেমনইভাবে দায়িত্ব পালন করতে হবে। চরিত্র প্রশ্নবিদ্ধ হলে বা অপরাধ থাকলে নিজ উদ্যোগ সংশোধন হতে হবে। সন্ত্রাস ও অপরাধীদের যুবদলে জায়গা হবে না। ইতিমধ্যে অনেক জায়গায় অপরাধমূলক কর্মকান্ডের দায়ে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া হুশিয়ারি যুবদলের নেতাকর্মীদের স্বচ্ছ ও ক্লিন ইমেজের হতে হবে। গুটি কয়েকজনের জন্য যুবদলের নামে কোন বদনাম সহ্য করা হবে না।
বুধবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর টাউনহল মাঠে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, দীর্ঘ ফ্যাসীবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এই আনন্দে আত্মহারা হয়ে বেপরোয়া জীবন যাপনের কোন সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথের সকল অপশক্তিকে রুখে দিতে সজাগ থাকতে হবে। বিএনপি কোন অপশক্তিকে মাথাচাড়া দিয়ে দেশকে অশান্ত করতে দিবে না। একই সাথে বিএনপি কোন অপরাধীদে ছাড় দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করে না। বিএনপিতে কোন অপরাধীদের আশ্রয় হবে না। জনগণের পক্ষে কাজ করে জনগণের হৃদয় জয় করতে হবে। সরকারকে যারা পরিকল্পিত ভাবে ব্যর্থ করার চক্রান্তে ব্যস্ত তাদের কে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা। আমদের কাজ হচ্ছে সরকারকে সহায়তা করা। সরকারের পক্ষে যে যেখানে দায়িত্বপালন করছেন তাদের কে সহায়তার মাধ্যমে সরকারকে সফল করা। এর ব্যতয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে যশোরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। জেলাসহ বিভিন্ন উপজেলা, পৌরসভার নেতকর্মীরা মিছিল সহকারে যুবসমাবেশে যোগ দেন। জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আনসারুল হক রানার সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সমাবেশে বক্তৃতা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফুল কবির সুমন, কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল, চৌগাছা উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, অভয়নগরের আহবায়ক বাকিউজ্জামান রানা, নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তানভীর রায়হান ও জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পী ।
প্রধান অতিথি আরো বলেন, ‘দেশ বর্তমানে সংকটকালীন সময় পার করছে। সাধারণ মানুষকে বোঝাতে হবে। ধৈর্য্য ধারণ করতে হবে। বিএনপি উন্নয়নের সরকার। তারেক রহমান মানবিক প্রধানমন্ত্রী। বিএনপির কাছে সবাই নিরাপদ। আর যুবদলেকে অতীতের মত ভবিষ্যতের ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ও দেশের প্রশ্নে কাউকে ছাড় দেয়া যাবে না। রাজপথে সর্তকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। কল্যাণকর রাষ্ট্র গড়ার স্বার্থে যশোরবাসীকে অনিন্দ্য ইসলাম অমিতকে সহযোগিতা করা ও পাশে থাকার বিকল্প নেই’।
পড়ুন : ধামরাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


