ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ৩টার দিকে উপজেলার ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে খাবার খেয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। এ সময় হঠাৎ করে পাশের ঘরে ধোঁয়া দেখতে পান। কিছু বুঝে উঠার আগেই আগুন পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে চারটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের বসতঘরে থাকা দুটি স্বর্ণের চেইন, চারটি স্বর্ণের আংটি, একটি নেকলেস, দুই জোড়া কানের দুল, একটি ব্রেসলেট ও নগদ ২০ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র, চাল-ডাল, জামাকাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হঠাৎ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।’
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
পড়ুন : ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল এগিয়ে, ব্যবধান ১৮ হাজারের বেশি
সা/


