দ্রোহের গান ও প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে রাজশাহীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৫টায় প্রবল বৃষ্টির মধ্যে নগরীর পদ্মাপাড় বড়কুঠি উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সাথে সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
পরে লাগাতার বৃষ্টির কারনে সংগঠনের কার্যালয়ে গণসংগীত, কবিতা আবৃত্তি, নাটক ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় সহ-সভাপতি রতন ভট্টাচার্য, সংগঠন বিষয়ক সম্পাদক সেলিনা বানু, সম্পাদক মন্ডলীর সদস্য আবু তালেব মোল্লাহ্, মাইনুর মুরশিদ মৃদু, শিউলি মার্ডি, প্রফুল্ল প্রামানিক, সদস্য মতিউর রহমান, শ্যামলী প্রামানিক, অনামিকা সিনহা, শুভাকাঙ্ক্ষী জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংস্কৃতিক সংগ্রাম যুগিয়েছে সাহস ও প্রেরণা। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষণ-বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে আসছে।
পড়ুন : বোয়ালখালী ফুটবল একাডেমির কমিটি ঘোষণা


