ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন, জীবনে বড় হতে হলে সময়ের মূল্য দিতে হবে। লেখা পড়ার কোনো বিকল্প নেই। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। জীনের লক্ষ্যে পৌছতে পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের অন্য কোনো বিষয়ে সময় নষ্ট করার সুযোগ নেই।
তিনি ৩১ অক্টোবর শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল বাগান ইসলামীয়া আলিম মাদরাসার ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমীক নতুন ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান আরো বলেন, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো করতে হলে শিক্ষকদের আগে শিক্ষার্থীদের ভালো করে পড়াতে হবে। এ এলাকার শিক্ষার্থীরা যেন ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে, সে লক্ষ্যেই নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে। ২০০৪ সালে আমি আগের ভবনটি নির্মাণ করেছিলাম। এখন আবারও শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে এই ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। তিনি ভবিষ্যতেও এই মাদ্রাসার সকল প্রকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া। বাগান আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, ত্রিশাল ইউনিয়ন বিএনপির আহবায়ক এমদাদুল হক, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম মোস্তাক সোহেল, সাখুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফেরদীস হাসান, কামাল হোসেন প্রমুখ। পরে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ


