টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের পার্ক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার রাতে ওই শিশুর মা ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই পুলিশের একাধিক টিম অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। ঘটনার পর পুলিশ, ডিবি এবং এসআরবি গ্রেপ্তারের অভিযান চালায়। পরে থানা পুলিশের সোর্সের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে শহরের পার্ক বাজার থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুটি চিৎকার ও বাধা দিলে অভিযুক্ত বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি জানার পর শনিবার গভীর রাতে হাসপাতালে ছুটে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।
পড়ুন : রূপগঞ্জে ফলাফল বিপর্যয়: ৭ প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারী; মাদরাসাগুলোতেও হতাশা


