ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মুকুল হোসেন (২৪) ও সুমিত সূত্রধর (২০) নামে ৩০ পিস ইয়াবা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মুকুল হোসেন মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার জয়পাড়া পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দক্ষিণ জয়পাড়া এলাকার মনির হোসেনের ছেলে মুকুল হোসেন এবং একই এলাকার স্বপন সূত্রধরের ছেলে সুমিত সূত্রধর।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল), মোঃ শামীম হোসেন সহযোগিতায় ও দোহার থানার অফিসার ইনচার্জ, মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সোমবার রাতে এসআই সুমন সরকার,এসআই হামিদুর রহমান ও এএসআই আব্দুল মালেকসহ পুলিশের একটি দল জয়পাড়া পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে মুকুল হোসেন ও সুমিত সূত্রধরকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে দোহার থানার এসআই সুমন সরকার জানান, আটক মুকুল হোসেন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকসহ অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় সম্পৃক্ত করার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটক মুকুল হোসেন ও সুমিত সূত্রধরের বিরুদ্ধে মাদক ও জুয়া সংক্রান্ত মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ কারবার ও বিস্তার রোধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : রূপগঞ্জে নেই শ্রমিক অসন্তোষ, তবে বেতন বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দাবি


