মাঠেই থেমে গেল জীবন প্রদীপ, গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু

ফুটবল মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্পেনের তেনেরিফে ক্লাবের স্ট্রাইকার জেসুস দে মিয়েল। স্প্যানিশ দ্বিতীয় বিভাগ লিগ সেহুন্দা ডিভিশনে এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচ চলাকালে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩০ বছর বয়সী এই ফুটবলার। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবল অঙ্গনে।

বিজ্ঞাপন

মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার ম্যাচের অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে। তখন দুই দলের স্কোর ছিল ২-২। এ সময় আন্দোরার গোলরক্ষক জেসুস ওনো মাঝমাঠের দিকে এগিয়ে এসে একটি লম্বা বল ক্লিয়ার করার চেষ্টা করেন। একই সময়ে বলের দিকে এগিয়ে যান তেনেরিফের স্ট্রাইকার দে মিয়েল। লাফিয়ে ওঠার মুহূর্তে গোলরক্ষক ওনোর হাঁটু সরাসরি আঘাত করে মিয়েলের মাথা ও বুকে। এতে সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। একপর্যায়ে জ্ঞান হারান এই ফুটবলার।

ঘটনার পরপরই মাঠে চিকিৎসক দল ছুটে যায়। দীর্ঘক্ষণ তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে স্থানীয় সময় মঙ্গলবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিলেন মিয়েল। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাব তেনেরিফে। মর্মান্তিক এ ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মাত্র ৩০ বছর বয়সে মিয়েলের এমন আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনকে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের মতো বিশ্বখ্যাত ক্লাবগুলো।

এ ছাড়া বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও আন্দোরার অন্যতম মালিক জেরার্দ পিকে এবং লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালও এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ব্যক্তিগতভাবে শোক জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, রদ্রি, থিবো কোর্তোয়া, সার্জিও রামোস এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেসি লেখেন, ‘বলার কোনো ভাষা নেই… তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই এবং তাঁদের জন্য অনেক শক্তি কামনা করি। শান্তিতে ঘুমাও।’

মিয়েলের মৃত্যুর ঘটনায় শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার স্প্যানিশ কাপের নারী ও পুরুষ বিভাগের সব ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। পাশাপাশি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া রিয়াল মাদ্রিদ তাদের নিয়মিত অনুশীলন শুরুর আগে মিয়েলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে।

এদিকে মাঠে এমন মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ। ফুটবল মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রিয় খেলোয়াড়কে হারিয়ে শোকাহত তাঁর সতীর্থ, ক্লাব কর্মকর্তা, সমর্থক ও ফুটবলপ্রেমীরা।

পড়ুন:ঢাকার আকাশ মেঘলা থাকবে

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন