বলিউডে প্রথম গান গাওয়ার পেছনে বড় কোনো পরিকল্পনা ছিল না ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্ব এবং মুম্বাইয়ের বাড়ি মান্নাতে একটি সাক্ষাৎ থেকেই খুলে যায় নতুন সম্ভাবনার দরজা। সেই সূত্র ধরেই প্রথমবারের মতো বলিউডের সিনেমায় গান গাইলেন জনপ্রিয় এই ব্রিটিশ গায়ক। শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’-তে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটির রেকর্ডিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছেন এড শিরান। সেখানে বলিউডে তাঁর প্রথম গান গাওয়ার নেপথ্যের গল্প তুলে ধরেছেন তিনি। এড জানান, শাহরুখ খানের সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই অভিনেতা তাঁকে নিজের পরবর্তী সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি এডের প্রথম বলিউড গানটি তাঁর সিনেমার জন্যই হোক, এমন ইচ্ছাও প্রকাশ করেছিলেন শাহরুখ।
এড শিরানের সর্বশেষ ভারত সফরের সময় বাস্তবে রূপ নেয় শাহরুখের সেই পরিকল্পনা। ২০২৫ সালে অরিজিৎ সিংয়ের সঙ্গে প্রকাশিত ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে শাহরুখ খানকে বিশেষভাবে যুক্ত করতে চেয়েছিলেন এড। এ কারণেই তিনি মুম্বাইয়ে শাহরুখের বাড়ি মান্নাতে যান।
সেখানেই শাহরুখের মাধ্যমে সংগীত পরিচালক জুটি শচীন-জিগরের সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। পরিচয়ের দিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের জন্য নিজের অংশ লেখেন এবং কণ্ঠ ধারণ করেন এড শিরান।
এডের এই অভিজ্ঞতা বলিউডে তাঁর সংগীতজীবনের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই শিল্পীর সঙ্গে অরিজিৎ সিংয়ের কণ্ঠের মেলবন্ধনও শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
গানটিতে অরিজিৎ সিংকে সহশিল্পী হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এড শিরান। এর আগেও ‘স্যাফায়ার’ গানে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার বলিউড সিনেমার জন্য নতুন এই সহযোগিতায় যুক্ত হলেন দুই দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী।
এদিকে এডের প্রকাশ করা ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন শাহরুখ খান। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে গানের হিন্দি অংশগুলো গাওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড বাদশাহ। একই সঙ্গে এডের প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন তিনি।
শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে গত ২ নভেম্বর প্রকাশ করা হয় ‘তু মিল যায়ে’। মুক্তির পরপরই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে গানটির ভিউ ছাড়িয়েছে ৬ কোটি।
শুধু ইউটিউবেই গানটি দেখা হয়েছে ৩ কোটি ৬৩ লাখবার। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার গানের ক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড গড়েছে এটি।
শাহরুখ, এড শিরান ও অরিজিৎ সিংয়ের এই ব্যতিক্রমী সংগীত সহযোগিতা ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বিশেষ করে এডের প্রথম বলিউড গান হওয়ায় এটি নিয়ে আন্তর্জাতিক সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির মুক্তির আগেই গানটি যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, তা ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
পড়ুন:সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
ইমি/


