মেহেরপুরের গাংনীতে সাংবাদিক ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান কাজিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হাফিজুর উপজেলার কাজিপুর গ্রামের গোলাম বাজার এলাকার দারজেলের ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাংনী থানা চত্বরে ভ্যান চোর চক্রের গ্রেপ্তার হওয়া চার সদস্যকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন হাফিজুর। এ সময় সাংবাদিকরা ভ্যানচালক রবিউল ইসলামের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ও সাংবাদিকদের সাথে বাকবিতান্ড হয় । পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গেও অসদাচরণ করেন তিনি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সন্ত্রাসবিরোধী আইনে (২০০৯ সালের সংশোধনী ২০১৩) তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পড়ুন : মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা


