তৃণমূলে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কর্মরত গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে পৌঁছান তিনি।
সমাবেশস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী সারাদেশে থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তাদের সাথে কথা বলতে বলতে মূল মঞ্চের দিকে এগিয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়, যার পর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের মূল মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত রয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি আর্মি স্টেডিয়ামে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে অংশ নেন, যেখানে সস্ত্রীক উপস্থিত থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনী উপভোগ করেন তিনি।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে রাজধানীতে একটি বড় ধরনের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে, যেখানে হেঁটে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রার রুট সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে র্যালিটি শেষ হবে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং এটি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সা/


