জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
শনিবার দুপুর ৩টা থেকে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ইলিয়ট ব্রিজ অতিক্রম করে এসএস রোড প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এ সময় পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সমাবেশ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকার আহ্বান জানান নেতারা।
পড়ুন : ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়েই নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থান: এমপি কালাম


