যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোঃ জুবায়ের।
পরে দুপুর ২টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু।
এ ছাড়া বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও ইসলামপুর পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়।
পড়ুন : চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে ঈশানবালা চর পরিদর্শনে বিডা চেয়ারম্যান


